রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম আরিফ। সোমবার (১১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন নবাগত ইউএনও এ.টি.এম আরিফ। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে উপজেলাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, উলিপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নদীভাঙন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করছি। একই সঙ্গে যেকোনো অনিয়ম, দুর্নীতি বা জনদুর্ভোগের বিষয় দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি তথ্য আদান-প্রদান ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবির কাজল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান শাহীন ও খালেক পারভেজ লালু, উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন নবাগত ইউএনও এ.টি.এম আরিফ। স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।