অফিস ডেস্ক :
কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর আওতায় হাওর (জলাভূমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল কৃষি প্রকল্প (ELSRP) উদ্যোগে স্থানীয় বাজার কমিটির সাথে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি গোলকপুর বাজার, সুখাইরাজাপুর উত্তর ইউনিয়ন এলাকায় আয়োজন করা হয়। এতে স্থানীয় বাজার ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন গোলকপুর বাজার কমিটির সভাপতি মোঃ আঃ বারেক ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সুখাইরাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। বাজার কমিটির সদস্যদের পাশাপাশি ELSRP প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
আলোচনায় স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে মহিলা কর্ণার স্থাপনের বিষয়ে জোর দেওয়া হয়।
এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষায় জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জৈব সার সহজলভ্য করা, ন্যায্যমূল্যে বিক্রয় এবং স্থানীয় পর্যায়ে এর বাজার সম্প্রসারণের বিষয়ে মতামত দেন।