অফিস ডেস্ক :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের প্রত্যন্ত দিলুরা গ্রামের চার বছর বয়সী শিশু আতিফ দীর্ঘদিন ধরে জটিল স্নায়বিক রোগে ভুগছে। জীবনের কঠিন এই লড়াইয়ে অবশেষে পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর সার্বিক সহযোগিতায় আতিফকে ঢাকার বিশেষায়িত নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জন্মের মাত্র দুই মাস পর থেকেই আতিফ খিচুনিতে আক্রান্ত হয়। ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে থাকে। বর্তমানে সে কথা বলতে পারে না, নিজে হাঁটতে পারে না, এমনকি নিজের ঘাড়ও সোজা করে রাখতে পারে না। প্রতিনিয়ত খিচুনির যন্ত্রণা তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, যা তার পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
আতিফের পিতা জুলহাস একজন স্বল্প আয়ের মানুষ এবং মাতা জুলেখা খাতুন গৃহিণী। দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তারা আর্থিকভাবে দারুণ সংকটে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। এমন কঠিন পরিস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং দ্রুত শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কায়সার কামাল সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং মানবিক কাজের মাধ্যমে ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। অসহায় শিশু আতিফের চিকিৎসায় তাঁর এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, আতিফের চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। তবে সঠিক চিকিৎসা পেলে তার অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এদিকে আতিফের পরিবারসহ এলাকাবাসী ডেপুটি স্পিকার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে শিশুটির সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
সবশেষে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা— তিনি যেন ছোট্ট আতিফকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।