অফিস ডেস্ক :
হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার বাসিন্দা এবং মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গীতা রাণী দেব তাঁর ভাইয়ের সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
অন্যদিকে, ভরপূর্ণী গ্রামে গাছের ডাল ভেঙে পড়ে ফয়জল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, এ ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।