অফিস ডেস্ক :
শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, কোনো মহল যেন উসকানি দিয়ে শ্রমিক ও মালিকের মাঝে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে না পারে—সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিসিক শিল্প এলাকা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেশের শিল্পোন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য এই দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের বিভ্রান্ত করে মালিকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার চেষ্টা করে, যা শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে এবং সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিয়মিত বেতন প্রদান, শ্রমিক কল্যাণ নিশ্চিত করা এবং শ্রম আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মালিকদের প্রতি শ্রমিকদের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাইনুদ্দিন আহমাদ, এডভোকেট আব্দুল্লাহ আল এবং মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, সেক্রেটারি, পেশাজীবী সংগঠন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
শেষে দেশ, জাতি ও শিল্পখাতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।