কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব দিগদাইড় ইউনিয়ন শাখার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম আরমান, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মঞ্জুরুল হক আকন্দ এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিলওয়ার হোসেন (হাতেম)। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ুন আব্দুর রহিমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন জিহাদী। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সম্মেলনের শেষ পর্যায়ে ৬নং দিগদাইড় ইউনিয়ন শাখার নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে মো. দিলোয়ার হোসেন জিহাদীকে সভাপতি, মো. রঈস উদ্দিনকে সেক্রেটারি এবং পল্লি চিকিৎসক মো. আঞ্জু রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। নতুন দায়িত্বশীলদের মাধ্যমে ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ।