ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। পাশাপাশি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলেও জানান এই প্রার্থী। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এ আসনে এখন পর্যন্ত ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।