প্রেসবিজ্ঞপ্তি
তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন- জনগণের পকেট কেটে সংকটের বোঝা চাপানো চলবে না: এম এ আলীম সরকার জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ গণমুক্তি পার্টির উদ্যোগে ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এতে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে সরকার জনগণের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত করেছে। আমরা এই অন্যায্য ও জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই।” তিনি বলেন, ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা করা হয়েছে। অর্থাৎ চার ধরনের জ্বালানির দামই একসঙ্গে লিটারে ২০ টাকা একলাফে বাড়ানো হয়েছে।
এম এ আলীম সরকার বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি ফলে কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় বাড়বে । এমনিতেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের মরার উপর খাঁড়া ঘা”। তিনি প্রশ্ন তুলে বলেন, “জনগণের আয় না বাড়িয়ে, কর্মসংস্থান না বাড়িয়ে, বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে একের পর এক মূল্যবৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র কি জনগণের ঘাড়ে সংকটের সব বোঝা চাপিয়ে দেবে?” তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের কষ্টকে উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ গণমুক্তি পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করবে।” তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- জনগণের পকেট কেটে রাষ্ট্রীয় সংকটের সমাধান করা চলবে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। কৃষি, পরিবহন ও সাধারণ ভোক্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু সিন্ডিকেট যাতে জনগণকে জিম্মি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।” আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সদস্য আবু হানিফ, ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন খান, সেলিম রেজা প্রমূখ। সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
বার্তা প্রেরক,
লেখক অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তির পার্টি (বিজিপি)।