মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
(আজ রবিবার ১৬ আগস্ট) ০৮/২০২৬ বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তার সঙ্গীয় ফোর্স রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা টাকার বান্ডিলটি উদ্ধার করে। এর কিছুক্ষণ পর আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম মোঃ তাজুল ইসলাম (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসূলপুর এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া শহরে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য আসেন। কাউতলী মোড়ে আসার পর তার লুঙ্গির কোঁচায় রাখা নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ০১টি বান্ডিল অসাবধানতাবশত সিএনজি ভাড়া দেওয়ার সময় রাস্তার কোথাও পড়ে যায়। পুলিশ সদস্যরা বৃদ্ধ ব্যক্তির নিকট থেকে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমান ও অন্যান্য সুনির্দিষ্ট বর্ণনা গ্রহণ করেন। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধারকৃত টাকার বর্ণনা ও পরিমাণের পূর্ণ মিল খুজে পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০০/- টাকা মূল্যমানের ১০০টি নোট,যা সব মিলিয়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। হারানো টাকা ফেরত পেয়ে বৃদ্ধ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।