গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ৮ নম্বর ওয়ার্ডের পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ও এ-সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের কাছে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়, যাতে তারা দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার বলেন, জাতির ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি ৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা মনোযোগ সহকারে তথ্যচিত্র উপভোগ করেন এবং আলোচনায় অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের দেশ, ইতিহাস ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।