পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ফের করতোয়া নদীতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার ১১ জুলাই দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান। নিহত গুল মোহাম্মদ আলীর পিতা মৃত ইসমাইল হোসেন। তিনি বোদাপাড়া গ্রামের বাসিন্দা। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ জন উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নদী থেকে মরদেহ উদ্ধার করে। ৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) তিনি শোক প্রকাশ করেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নদী পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একদিনের ব্যবধানে করতোয়া নদীতে দ্বিতীয় ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী পারাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।