আন্তর্জাতিক ডেস্কঃ
দেশের নদী, খাল ও সমুদ্র উপকূলকে দখল ও দূষণমুক্ত রাখতে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। প্রস্তাবিত আইনে জাতীয় নদী রক্ষা কমিশনকে অধিকতর নির্বাহী ও বিচারিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি প্রতিটি জেলায় নদী রক্ষা আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। খসড়া অনুযায়ী, কমিশন নদী দখল ও দূষণের বিরুদ্ধে তদন্ত, অভিযান পরিচালনা এবং মামলা করতে পারবে। দেশের সব নদীকে আইনি ব্যক্তি, আইনি সত্তা ও জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া নদী, খাল ও সমুদ্র উপকূলকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে গণ্য করা হবে। নদী দখল, দূষণ, অবৈধ বালু-পাথর উত্তোলন বা অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, ১৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কমিশনকে কার্যকর ক্ষমতা প্রদান, দ্রুত বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে আইন বাস্তবায়ন করা গেলে দেশের নদীগুলো রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।