নিজস্ব প্রতিবেদক:
ভেনেজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে ভূমিকম্প মোকাবিলায় এখনই কার্যকর পূর্বপ্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন “দেশবন্ধু” রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ একটি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ দেশ। তাই বড় ধরনের দুর্যোগ সংঘটিত হওয়ার পর নয়, বরং আগেই সমন্বিত পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা সময়ের দাবি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অ্যাডভোকেট এ এন এম ঈসা আরও বলেন, ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণ নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত, নিয়মিত মহড়ার আয়োজন, উদ্ধারকারী দলের সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি এখন অত্যন্ত জরুরি। এদিকে রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা, রংধনু নারী ফাউন্ডেশনের সহযোদ্ধারা এবং দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের সদস্যরা এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, একটি পূর্বপরিকল্পিত, সুসংগঠিত ও বিজ্ঞানভিত্তিক দুর্যোগ প্রস্তুতি হাজারো মানুষের জীবন রক্ষা করতে পারে। তিনি জাতীয় স্বার্থে দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে ভূমিকম্প মোকাবিলায় টেকসই ও কার্যকর প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।