গাজীপুর প্রতিনিধিঃ
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার মীরাজ্জাম এলাকায় ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মীরাজ্জাম বাউদারি মাঠে (নির্ভানা রিসোর্ট সংলগ্ন) এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের পাখি ক্রীড়াচক্রের সভাপতি ও মীরাজ্জাম নূর মিয়া জামে মসজিদের সভাপতি মো. আলমগীর পালোয়ান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম জিটু। এ সময় অ্যাডভোকেট শরিফুল ইসলাম (প্রতীক), বাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।