হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে লন্ডনে দিনব্যাপী ‘মিডিয়া ট্রেনিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গত রোববার (৪ অক্টোবর ২০২৬) পূর্ব লন্ডনের আল-খায়ের হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ট্রেজারার আব্দুল হান্নান। সকাল সাড়ে ৯টা থেকে নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় মূল প্রশিক্ষণ কার্যক্রম। প্রথম অধিবেশনে ‘AI & Journalism: Friend or Foe?’ বিষয়ে প্রশিক্ষণ দেন বিবিসির সাবেক সাংবাদিক মাসুদ হাসান খান। তিনি সাংবাদিকতায় লেখা সম্পাদনা, তথ্য সংগ্রহ, ডাটা জার্নালিজম ও ভিজ্যুয়ালাইজেশনে AI ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। তবে AI থেকে পাওয়া তথ্যের ওপর অন্ধভাবে নির্ভর না করে তথ্য ও উৎস যাচাইয়ের মাধ্যমে নিজস্ব সম্পাদনা ও সাংবাদিকতার দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি। এরপর ‘The Power of Social Media Journalism’ বিষয়ে প্রশিক্ষণ দেন Runner Media Limited-এর প্রতিষ্ঠাতা আ স ম মাসুম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ বা কনটেন্ট ভাইরাল হলেই সেটি সঠিক তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে, এমনটি ধরে নেওয়া উচিত নয়। সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎস ও তথ্য যাচাই করা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কমিউনিটি গাইডলাইন ও আইনগত নির্দেশনা মেনে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন তিনি। দুপুর ১২টায় ‘From Newsroom to Newsfeed: Reporting in the Digital Era’ বিষয়ে আলোচনা করেন দ্য ডেইলি স্টারের ইউকে করেসপন্ডেন্ট-অ্যাট-লার্জ বুলবুল হাসান। তিনি সংবাদ লেখার ক্ষেত্রে শব্দচয়ন, শব্দের বিন্যাস ও উপস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একজন দক্ষ রিপোর্টারের অন্যতম বৈশিষ্ট্য হলো সংবাদের মূল বক্তব্য যথাযথ শব্দ ও কাঠামোর মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরা বলে তিনি উল্লেখ করেন। দুপুরের খাবার এর বিরতির পর ‘Beyond the Byline: How AI Is Reshaping Journalism’ বিষয়ে প্রশিক্ষণ দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এআই সায়েন্টিস্ট ও গ্রুপ লিডার ড. মোস্তাফিজ কামাল সরকার। তিনি সাংবাদিকতায় AI-এর ব্যবহার, ডিজিটাল পরিবেশে সংবাদ পরিবেশনের পরিবর্তন এবং ভবিষ্যতে সাংবাদিকদের কাজের ধরন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা SI-এর সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক তাইসির মাহমুদ।