হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ কানাডার ফেডারেল সংসদ ‘পার্লামেন্ট হিলে’ কানাডা সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি মন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।খবর আইবিএননিউজ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,কানাডা ট্রেজারি বেঞ্চের প্রধান ও মন্ত্রী পদমর্যদার সিনিয়র সংসদ সদস্য সাফকাত আলি, সালমা জাহিদ এমপি এবং ইয়াসির নাগভিড় এর সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এইচ আর পি বি কানাডা শাখার প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারী বাবু এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শহীদ উদ্দিন হিরু সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাপসনিউজকে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। এইচআরপিবি প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাদের সাথে মতবিনিময় কালে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেশে সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তি ও তাদের অধিকার সুরক্ষায় বাংলাদেশে প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি কানাডা সরকারের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় কালীন কানাডার সংসদ সদস্যরাও কানাডায় বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের আইনি সুরক্ষায় দ্রুত কার্যক্রম গ্রহণে প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবিকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেন। তাদের পক্ষ থেকে এ ব্যাপারে কানাডা সরকারের সহযোগিতা ও সমর্থনের বিষয়ে আশ্বস্ত করা হয়।