হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি করে সরকার জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন আইবিএননিউজ, এনওয়াইবিড্নিউজ ও বাপসনিউজসহ অন্যন্য গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন— জ্বালানি তেল পরিবহন, কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে জ্বালানি তেলের দাম একযোগে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, শিল্পের উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বেড়ে জনজীবনে সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর এ সিদ্ধান্ত নতুন করে বোঝা চাপাবে। সরকার আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির যুক্তি দেখালেও জনগণের ওপর এর পুরো ভার চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান হতে পারে না। জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছতা, বিপিসির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং রাষ্ট্রের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাপনা জনগণের সামনে স্পষ্ট করা জরুরি। আমরা মনে করি, জনগণের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা না করে এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী। সরকারকে অবিলম্বে বর্ধিত মূল্য পুনর্বিবেচনা করতে হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের ওপর এর বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি জনগণের পাশে থাকবে।