নিজস্ব প্রতিবেদক
সংবিধানের ৭০(খ) ধারা বাতিল এবং একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক জাতীয় সংসদ প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে একটি আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
“বাংলাদেশ স্বাধীন থাকুক, সংসদ স্বাধীন থাকুক, ৭০(খ) ধারা বাতিল হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় দেশ-বিদেশের বিশিষ্টজন, গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখবেন যুক্তরাজ্যপ্রবাসী গবেষক মোসাদ্দেক মিয়া মানিক। সভাপতিত্ব করবেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী, আলহাজ ড. শরিফ সাকি, লায়ন শাহিদা পারভীন রতনা এবং নাসরিন আক্তার তরফদার রউফ, মো. আব্দুল ওয়াহাব রিংকো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাহমুদুর রহমান মান্নার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট এ. এন. এম. এসা, যিনি International Deshbandhu Remittance Juddah Shonshod-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এবং আয়োজকদের ভাষ্য অনুযায়ী ৭০ ধারা বাতিল আন্দোলনের অন্যতম উদ্যোক্তা।
আয়োজকদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংসদের স্বাধীনতা নিশ্চিত করা জনগণের কার্যকর প্রতিনিধিত্বের জন্য অপরিহার্য। তাঁদের দাবি, সংবিধানের ৭০(খ) ধারা সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা সৃষ্টি করে। এ বিষয়েই আলোচনা সভায় বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং মতবিনিময় করা হবে। রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিব এম. এ. রউফ এক বিবৃতিতে দেশ-বিদেশের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে আলোচনা সভায় অংশ নিয়ে কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন। আয়োজক কমিটিতে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইতালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, স্পেন, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালদ্বীপ, পোল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।