আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল অবশেষে বৃহস্পতিবার (১৫ মে/২৬) শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে সন্ধ্যায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে ফুলেল শুভেচ্ছায় জনতা বরণ করেন শামছুজ্জামান জামালকে।
তিনি বলেন, সত্যের জয় হয়েছে, জনগণের ভোটের আজকে বিজয় হয়েছে। সেই বিজয় জনগণকে উৎসর্গ করলাম। বর্তমান সরকারের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। প্রত্যেকটি এলাকায় দুর্নীতিমুক্ত জনমানুষের চাহিদাপূরণে সচেষ্ট থাকবো। তিনি এ সময় সহনাটী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সহনাটী গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মো. মাহফুজ আহাম্মদকে নাগরিকত্ব সনদপত্র প্রদানের মধ্যদিয়ে চেয়ারম্যান পদে কার্যক্রম শুরু করেন।
বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়নপ পরিষদের মেম্বার মেহদী হাসান রিপন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম লিটন, মো. জুয়েল মিয়া, নিজাম উদ্দীন, আব্দুল কদ্দুস, আবুল কাসেম রতন, মেহেদী হাসান লিটন, কুলসুমা আক্তার, শিরীনা আক্তার, নাসিমা আক্তার, শফিকুল ইসলাম টুলু, সহনাটীর আতাউল আকন্দ প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেল জানান, আইন প্রক্রিয়ায় অসম্পূর্ণ রেখেই জেলা প্রশাসক শপথ নিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪হাজার ৫৪৭জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭হাজার ৯৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯শতাংশ।
এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুণ:গণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত বছরের ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপীল করেন মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উচ্চ আদালতের রায়েও মো. শামসুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপরে গেজেটে বলা হয় বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনালে দায়েরকৃত নির্বাচনি মামলা নং ১২/২০২২ এর ২৮ জানুয়ারি ২৫ তারিখের আদেশে ২০২২সনের ১৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের নাম বাতিল করা হয়েছে। এ চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ গেজেটের বিরুদ্ধেও আপীল করা হলে উচ্চ আদালতে তা বাতিল হয়। পরে ময়মনসিংহের জেলা প্রশাসক শপথ গ্রহণ করেন।