মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৩৭ পিস ইয়াবা, ইয়াবার গুঁড়া, গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় পৃথক দুটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাদাউদপুর গ্রামের হারুন মিয়া (৫০) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের দখলে থাকা দুটি বসতঘর থেকে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।