নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর নেতৃত্বে অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়। পুলিশ জানায়, অভিযানকালে সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাড়ির সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫), পিতা দেওনত প্রামাণিক, গ্রাম সুলতানপুর মিস্ত্রিপাড়া, নওগাঁ এবং মারুফ সরদার (২৬), পিতা বাবু সরদার, গ্রাম বাঙ্গাবাড়িয়া, মোড় থানা, নওগাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটার ভেতর থেকে আরও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২), পিতা মৃত আব্দুল জব্বার দপ্তরি, গ্রাম আরজি নওগাঁ, নওগাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, শতাধিক কেজি গাঁজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লক্ষাধিক টাকা এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধ এবং নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে। মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।