পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর ঘাটে পূণর্ভবা নদীর তাজা মাছে জমে উঠেছে সকালের কেনাবেচা। শুক্রবার ভোরে আলো ফোটার সাথে সাথেই নদীতে জেলেদের নৌকার আনাগোনা ও হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো ঘাট এলাকা।স্থানীয় সূত্র ও জেলেরা জানান, পূণর্ভবা নদী থেকে সারা রাত ধরে ধরা দেশীয় নানা প্রজাতির তাজা মাছ নিয়ে কাকডাকা ভোরে নিতপুর ঘাটে ভিড়তে থাকে সারি সারি নৌকা। ঘাটে মাছ নামানোর পরপরই শুরু হয় প্রাথমিক বাছাইয়ের কাজ। নদীর গুচি, বাইম, আইড়, বোয়াল, টেংরা, পাবদা, পুটি মাছ ও দেশি শোল-টাকিসহ বিভিন্ন মাছ আকার ও প্রজাতি অনুযায়ী আলাদা করা হয়।ঘাট থেকে এই বাছাই করা তাজা মাছ সরাসরি নিয়ে যাওয়া হয় ঐতিহ্যবাহী নিতপুর পুরাতন বাজারে। সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাঁকডাকে শুরু হয় ডাক (নিলাম) ও কেনাবেচার ধুম। নিতপুর পুরাতন বাজার থেকে এই তাজা মাছ উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারের পাশাপাশি চলে যায় আশেপাশের দূর-দূরান্তের আড়তেও। নদীর টাটকা মাছের স্বাদের কারণে ভোর থেকেই নিতপুর পুরাতন বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।ঘাটের এক জেলে বলেন, “পূণর্ভবা নদীর মাছের স্বাদ ও চাহিদা সবসময়ই আলাদা। সারারাত নদী থেকে মাছ ধরে ভোরে নিতপুর ঘাটে এনে বাছাই করি। এরপর পুরাতন বাজারে নিয়ে যাওয়া মাত্রই ক্রেতা ও পাইকাররা এক প্রকার প্রতিযোগিতা করেই তা কিনে নেন।নদীর তাজা মাছের এই ঘাটের আনাগোনা আর নিতপুর পুরাতন বাজারের জমজমাট বেচাকেনা স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন অর্থনৈতিক চাকা সচল রাখছে, তেমনি স্থানীয়দের জন্য তাজা মাছের এক নির্ভরযোগ্য ভরসাস্থল হিসেবে পরিচিতি ধরে রেখেছে।