নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নরদা গ্রামে যৌতুকের ৪ লাখ টাকা না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ২৯ মে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী রুবেল মিয়া ব্যবসার জন্য ৪ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় গৃহবধূর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। ঘটনার দিন আবারও তাকে মারধর করে বাড়িতে আটকে রাখা হয়।
পরে ভুক্তভোগী গোপনে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে যান। এ সময় তাদেরও আটকে রেখে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামী রুবেল মিয়া, দেবর জুয়েল ও ননদ জেসমিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কাপাসিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
কাপাসিয়া থানার ওসি নাছির উদ্দিন জানান, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।