টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

অফিস ডেস্ক :
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। সোমবার (১০ মে ২০২৬) রাত ১১:৩০ মিনিটে দ মরকুন পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণ বিভাগের একটি দল মরকুন পশ্চিমপাড়ায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলো অনুমোদিত ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে দেখা যায়, পলিথিন ব্যতীত মোট ওজন ১০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
আটক ব্যক্তি মোঃ মানিক মিয়া (৩৬)। তিনি গাজীপুর মহানগরের পুবাইল থানার মাঝুখান পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামী ও উদ্ধারকৃত আলামত ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।