শ্রীপুর পৌরসভার উদাসীনতায় পানিবন্দী হাজারো মানুষ
স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর):
গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (লিচু বাগান) সড়কজুড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সড়কটি এখন কার্যত চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে একটি পাইপ কালভার্ট থাকলেও আশপাশের দু’টি কারখানা প্রভাব খাটিয়ে কালভার্টের মুখ বন্ধ করে রেখেছে। এতে বৃষ্টির পানি ও আশপাশের জমে থাকা পানি বের হতে না পেরে পুরো এলাকা পানিবন্দী হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতা নিরসনে তারা একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও স্থায়ী সমাধান হয়নি।
বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে সদ্য যোগ দিয়েছেন মো. নাহিদ ভূঁইয়া। নতুন প্রশাসকের হস্তক্ষেপে সমস্যার দ্রুত সমাধান হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। তাদের দাবি, কারখানাগুলোর অবৈধ দখলমুক্ত করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ও পৌরসভার বক্তব্য পাওয়া যায়নি।