অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ জানান, সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও শিবির কর্মী তারিকুল ইসলাম কলেজে গেলে ছাত্রদলের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
অভিযোগ রয়েছে, পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও বাধার মুখে পড়েন তারিকুল। ছাত্রদলের কর্মীরা হাসপাতালে তার চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং হাসপাতালের রেজিস্টারে নাম লেখাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শেষ পর্যন্ত কর্তব্যরত চিকিৎসক রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত না করেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষার্থীকে হামলা করে আহত করা এবং পরে চিকিৎসা গ্রহণে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।
তারা আরও বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
জামায়াত নেতৃবৃন্দ শিক্ষার পরিবেশ রক্ষা, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
তারিখ :২৫-০৪-২০২৬ ইং