অফিস ডেস্ক :
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে জনস্বার্থে পৈত্রিক জমি ছেড়ে দিয়ে রাস্তা নির্মাণে সহযোগিতা করার পরও সেই রাস্তার পাশের অবশিষ্ট জমি জবরদখলের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিষয়টি জানিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
ভুক্তভোগী মোঃ মনজুর হোসেন চৌধুরী ভোগড়া এলাকার হোল্ডিং নং ৮৩/১-এর স্থায়ী বাসিন্দা। তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে তিনি তার পৈত্রিক সম্পত্তির মাঝখান দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন-কে রাস্তা নির্মাণের জন্য জায়গা দেন। তার দেওয়া সেই জমির ওপর দিয়েই বর্তমান হাজী মরিয়ম চৌধুরী সড়ক নির্মিত হয়েছে।
তার অভিযোগ, রাস্তা নির্মাণের পর সড়কের পূর্ব পাশে তার মালিকানাধীন আরও ৫ থেকে ৬ ফুট জায়গা অবশিষ্ট ছিল। বর্তমানে সেই অংশটি এস্রেল সুয়েটার লিঃ-এর মোঃ আঃ রহিম জবরদখল করে রেখেছেন।
মনজুর হোসেন চৌধুরী আরও বলেন, তার জমির মৌজা চান্দনা হলেও অভিযুক্তের জমির মৌজা ভোগড়া। মৌজা ভিন্ন হওয়া সত্ত্বেও তার বৈধ জায়গা দখল করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি সরেজমিন তদন্তের মাধ্যমে তার পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
অভিযুক্ত মোঃ আঃ রহিমের বক্তব্য জানা যায়নি।
সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, এ ধরনের অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সাবেক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল সরকার বলেন, মনজুর হোসেন চৌধুরী সিটি কর্পোরেশনের জন্য জমি দিয়েছেন—এ বিষয়টি তাদের জানা আছে। রাস্তার পূর্ণ পাশেই তার জমি পাওয়ার কথা। তিনি আশা প্রকাশ করেন, সিটি প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ন্যায্য সমাধান দেবে।