অফিস ডেস্ক :
পিরোজপুর জেলার স্বরূপকাঠী থানা এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সোহাগ সরদার বর্তমানে চট্টগ্রাম শহরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত—এমন অভিযোগ উঠেছে।
স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকলম গ্রামের একটি মাঠের পাশ থেকে সোহাগ সরদার ও তার সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় একটি বড় ভিডিও ক্যামেরা, ‘৭১ বাংলা’ স্টিকার লাগানো বুম, মাইক্রোফোন ও পরিচয়পত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠীর রমজানকাঠী গ্রামের শাহজাহান সরদারের ছেলে সোহাগ সরদার এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ইব্রাহিম হোসেন মুন্না।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের একটি অনলাইন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দেন এবং স্বীকার করেন যে ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে নেছারাবাদে নিয়ে আসা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে অভিযোগ উঠেছে, জামিনে মুক্ত হয়ে সোহাগ সরদার বর্তমানে চট্টগ্রামে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফুটপাতের দোকানিদের কাছে চাঁদা দাবি করছেন। বিশেষ করে ইপিজেড থানা এলাকার শপিং সেন্টার ও গাড়ি পার্কিং এলাকায় দোকানিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি সংবাদ প্রকাশের হুমকি দেন। আরও অভিযোগ, ইপিজেড এলাকার একটি মার্কেটে চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন তিনি। কিছুদিন এলাকা ছেড়ে গেলেও সম্প্রতি আবার ফিরে এসে বিভিন্ন পরিচয়ে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।