অফিস ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে এক পুলিশ কর্মকর্তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আটক পুলিশ কর্মকর্তার নাম আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই রাকিবের সঙ্গে ওই গ্রামের এক প্রবাসীর স্ত্রী রিমা আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করেন তিনি। সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে দুজনকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সকাল আনুমানিক ৭টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে এএসআই রাকিব ও ওই নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানা-এর উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে মুহাম্মদ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন—ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।