গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে ইউসুফ (২৪) নামে এক যুবককে আট পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা সংগ্রহের উৎস হিসেবে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়ার নাম বলেছেন বলে দাবি করেছে স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন আলাল মিয়া। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কটেজ গার্মেন্টসের পাশ থেকে তাঁকে আটক করা হয়। ইউসুফ সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বালসাবাড়ী (পুরাতন পাড়া) এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি শিরিরচালা এলাকায় আলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়ারচালা এলাকায় একটি দোকানের সামনে ইয়াবা সংগ্রহের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সন্দেহ হলে তাঁকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউসুফ ইয়াবা সংগ্রহের উৎস হিসেবে আলাল মিয়ার নাম উল্লেখ করেন। তাঁর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন বলেও জানিয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে অভিযোগ অস্বীকার করে আলাল মিয়া বলেন, তাঁর চাচাতো ভাই হেলালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাঁকে ফাঁসাতে তাঁর বাড়ির সাবেক ভাড়াটিয়া ইউসুফকে ধরে মারধর করে জোরপূর্বক তাঁর নাম বলানো হয়েছে। তিনি কোনো ধরনের মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বানিয়ারচালা এলাকা থেকে ইয়াবাসহ ইউসুফ নামে একজনকে আটক করা হয়েছে। এসব ইয়াবা কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।