গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাবার দেওয়া রেজিস্ট্রি দলিলের জমিতে নির্মিত এক নারীর বসতঘর বেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাইদের বিরুদ্ধে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় প্রাণনাশের হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ভুক্তভোগী নাছরিন সুলতানা (৩৫) কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বাসিন্দা। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্বাস্থ্যকর্মী। এ ঘটনায় তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাছরিন সুলতানা জানান, তাঁর বাবা মৃত্যুর আগে বসতঘরসহ ১৭ শতাংশ জমি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাঁকে লিখে দেন। দলিল নম্বর ৯৫৮/২২, তারিখ ২৮ মে ২০২৩। ওই জমিতে ঘর নির্মাণ করে গত চার বছর ধরে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। তবে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। তাঁর অভিযোগ, গত ২ নভেম্বর রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে ভাইয়েরা বেকু নিয়ে এসে তাঁর বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যান তাঁরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নাছরিন বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে বাড়িতে এসে দেখি, আমার ঘর ও মালামাল সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।’ লিখিত অভিযোগে মমিন সরকার (৩৩), বিলাল হোসেন (৪০), রশিদা (৩৬), নাদিয়া (২০) ও রশিদ (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে তাঁকে, তাঁর স্বামী ও সন্তানদের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া অভিযুক্তরা তাঁর জমিতে অনধিকার প্রবেশ করে বিদ্যুতের তার ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেন। বাড়িতে প্রবেশে বাধা দেওয়া, গালিগালাজ এবং মারধরের চেষ্টার অভিযোগও করেছেন তিনি। নাছরিনের চাচা সিরাজ উদ্দিন মাস্টার বলেন, ‘তার বাবা তাকে ঘরসহ জমি লিখে দিয়েছেন। সে এখানেই বসবাস করছে। রাতে তার ভাইয়েরা বেকু এনে ঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’ অভিযোগের বিষয়ে মমিন সরকার মুঠোফোনে বলেন, ‘বোনের সঙ্গে জমি নিয়ে কিছু বিরোধ রয়েছে। তবে যে ঘরটি ভাঙা হয়েছে, সেটি তাঁর বোনের নয়।’ কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, নাছরিন সুলতানার ঘরটি তাঁর ভাইয়েরা বেকু এনে ভেঙে দিয়েছেন। আইনগত প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’ কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ওই নারীর ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নাছরিন সুলতানা।