কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালায় পুলিশ। এতে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন। পুলিশের দাবি, অভিযানে গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘিরে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।