মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ ২৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার (২১ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, এনসেন্টার পাউডার, বাজি, গরু, ফুচকা, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ঝান্ডুবাম, ভ্যাসমল, জনসন বেবি ক্রিম, হেয়ার অয়েল, চকলেট, আমুল বাটার, ডাবর আমলা তেল, জনসন বেবি পাউডার ও সেভেন অয়েলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৮ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।